সোশ্যাল মিডিয়ায় মিথ্যা খবর রটিয়ে আয় ৪২লাখ টাকা!

১২ জুন, ২০১৯ ০০:৩১  
ব্যর্থ দাম্পত্য জীবনের মিথ্যা খবর সোশ্যাল মিডিয়ায় রটিয়ে ১৭ দিনে প্রায় ৫০ হাজার ডলার আয় করেছেন সংযুক্ত আরব আমিরাতের এক নারী। ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টুইটারে সন্তানদের ছবিসহ একটি পোস্ট দিয়ে প্রতারণার মাধ্যমে তিনি আয় করেছেন ১৮৩, ৫০০ দিরহাম বা ৪২ লাখ ১৯ হাজার টাকা। পোস্টগুলোতে তিনি জানান, তার দাম্পত্য জীবন নষ্ট হয়ে গেছে এবং সন্তানদের নিয়ে বেঁচে থাকার জন্য অর্থের প্রয়োজন। এরপর ওই নারীর ওপর সহানুভূতিশীল হয়ে অনেক মানুষ টাকা পাঠিয়ে দেন। পোস্টটি তার স্বামীর চোখে পড়তেই তিনি পুলিশে খবর দেন এবং পুলিশকে জানান, ওই নারীর সন্তানরা বাবার সঙ্গেই থাকে। মানুষকে প্রতারিত করে টাকা নেওয়ার অভিযোগে দুবাই পুলিশ ওই নারীকে গ্রেফতার করে। দুবাইতে এই ধরণের অপরাধ অত্যন্ত ঘৃণ্য বলে বিবেচিত হয়। দুবাই পুলিশের এক উচ্চপদস্থ কর্মকর্তা আল জাল্লাফ জানিয়েছেন, ‘‌এই ধরণের অপরাধকে আমরা বরদাস্ত করব না। অনেকে রোগ কিংবা অক্ষমতার কারণ দেখিয়ে মানুষের উদার মনোভাবকে ব্যবহার করে থাকেন। কিছুদিন আগেই রমজান মাসে ১২৮ জন ভিখারিকে আমরা গ্রেফতার করেছি।’‌ তবে ওই নারীর জাতীয়তা এবং বয়স জানাননি তিনি।